আন্তর্জাতিক ডেস্ক : ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য সম্পর্কিত নথি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি গঠন করেছে মোদি সরকার। তার পরিবারের সদস্যদের দাবিতেই এসব নথি ঘেঁটে দেখতে রাজি হয়েছে ভারত সরকার।
কেবিনেট সেক্রেটারি পরিচালিত ওই কমিটিতে থাকবেন রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইঙ্গ(র) ইন্টালিজেন্স ব্যুরো(আইবি) এবং প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা। সুভাষ বোসের অন্তর্ধান সংক্রান্ত সবগুলো ফাইল খতিয়ে দেখার পর সেগুলো জনসমক্ষে প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি। কোনও ফাইল প্রকাশ করার কারণে যদি ভারতের আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় তবে কমিটি তা প্রকাশ করবে না।
গত দু দিন আগে জার্মান সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন সুভাষ বসুর নাতি সূর্য বসু। মোদি তাকে নেতাজির ফাইল সংক্রান্ত বিতর্কে সবরকম সহযোগিতার আশ্বাস দেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।
এদিকে মোদি সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুভাষ চন্দ্র বসুর আত্মীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক এক আত্মীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেছেন, তারা মোদির জন্য গর্বিত। নরেন্দ্র মোদিই হচ্ছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি নেতাজির অন্তর্ধান সম্পর্কিত তদন্তে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করলেন।
সম্প্রতি কংগ্রেস নেতা জহরলাল নেহরু বিপ্লবী সুভাষ চন্দ্র বসুর পরিবারের ওপর দীর্ঘ দু দশক ধরে নজারদারি করেছেন বলে তথ্য প্রকাশিত হওয়ার পর তার অন্তর্ধান নিয়ে তদন্ত শুরু করল ভারত। নেতাজির ওপর গোয়েন্দাগিরির খবর প্রকাশিত হওয়ার পরপরই দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। গত মঙ্গলবার এর প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ করেছেন নেতাজির পরিবারের সদস্যরা।

