আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবান যোদ্ধারা ১৮ সেনাকে হত্যা করেছে। এদের মধ্যে ৮ জনের শিরশ্ছেদ করা হয়েছে। শুক্রবার বাদখশান প্রদেশের জারম জেলায় এ ঘটনা ঘটে। সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বাদাখশান প্রদেশের গভর্নরের মুখপাত্র নওউইড ফ্রটান জানান, প্রদেশের সীমান্ত চৌকিতে শুক্রবার তালেবান যোদ্ধারা হামলা চালায়। এতে ১৮ সেনা নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ জনের শিরচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, আফগান সেনারা ১৯ তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। এদের মধ্যে ৮জন বিদেশি রয়েছে। অতিরিক্ত সেনাদল আসার পর তালেবান যোদ্ধারা পালিয়ে যায়।
আফগান প্রতিরক্ষা মন্ত্রনালয় এর আগে এক বিবৃতিতে বলেছে, হামলায় ৩০ সেনা নিহত , আহত কিংবা নিখোঁজ রয়েছে। তালেবান যোদ্ধারা পালিয়ে যাওয়ার আগে সেনাদের অস্ত্র লুট করেছে ও গাড়িতে অগ্নিসংযোগ করেছে। এতে আরও বলা হয়, সেনা সদস্যদের অবহেলার কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে তালেবানও হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি তারা ৪৯ সেনাকে হত্যা করেছে।

