ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: কৈলাশটিলা-আশুগঞ্জ গ্যাস পাইপ লাইনে ত্রুটি মেরামতের কাজ শেষ করে সকাল থেকে তেল সরবরাহ শুরু করেছে জিটিসিএল কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল থেকে এই পাইপ লাইনে তেল সরবরাহ শুরু করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কৈলাশটিলা-আশুগঞ্জ গ্যাস পাইপলাইনের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আলম নগর এলাকার শাহজাহান মিয়া ও মফিজ মিয়ার জমির কাছে পাইপ লাইনের ত্রুটি দেখা দেয়। এতে জমির কিছু কিছু যায়গায় তেল বের হতে দেখে এলাকাবাসীরা এই তেল সংগ্রহ শুরু করে। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে তেল সংগ্রহ করার জন্য হাজার হাজার মানুষ হুমড়ি খেয়ে পড়ে।
খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল, পুলিশ ও জিটিসিএলের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসে। বিকেলেই এ পাইপ লাইনের আশুগঞ্জ ও হাটিহারা এলাকায় পাইপ লাইনের দুটি বাল্ব বন্ধ করে কাজ শুরু করে জিটিসিএল কর্তৃপক্ষ। রাতেই ত্রুটি চিহ্নিত করে মেরামত কাজ শেষ করে তারা। পরে সকল মেরামত কাজ শেষ করে আজ সকাল থেকে এই পাইপ লাইন দিয়ে তেল সরবরাহ শুরু করা হয়।
আশুগঞ্জ গ্যাস ট্রান্সফিউসন কোম্পানি লিমিটেডের উপ মহা-ব্যবস্থাপক মো. আব্দুল মোমেন জানান, কৈলাশটিলা-আশুগঞ্জ গ্যাস পাইপ লাইলটি প্রায় ১৭৫ কিলোমিটার। এ লাইনের আশুগঞ্জের আলমনগর এলাকায় ১৫ বছরের পুরাতন একটি ক্ষত হওয়া জায়গায় আবারো ত্রুটি দেখা দেয়। সেভান দিয়েই তেল বের হতে দেখা গেছে। আমরা বিকেল থেকেই মেরামতের কাজ শুরু করেছি। সকল কাজ শেষ করে সকাল থেকে পাইপ লাইনে তেল সরবরাহ শুরু করা হয়।

