শিশুশ্রম নিরসনে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। রোববার ৪ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে চাইল্ড লেবার ইলিমিনেশন প্লাটফর্মের সহযোগিতায় উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) আয়োজিত ‘শিশুশ্রম নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ডেপুটি স্পিকার বলেন, দেশে অনেক ভালো আইন থাকলেও সেগুলোর যথাযথ প্রয়োগের অভাব রয়েছে। আইন প্রয়োগ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। বিশেষ করে প্রভাবশালীদের অপরাধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, একটি মানবিক ও কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাহী বিভাগের কর্মকাণ্ডের কার্যকর তদারকি ও গঠনমূলক সমালোচনা প্রয়োজন। পথশিশুদের সুন্দর জীবনের অধিকার নিশ্চিত করতে তাদের পর্যায়ক্রমে রাস্তা থেকে ঘরে ফেরানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ডেপুটি স্পিকার ১৪ বছরের কম বয়সী কোনো শিশুকে গৃহকর্মে নিয়োগ না করার জন্য সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানান। শিশুদের স্বার্থে প্রয়োজন হলে বিদ্যমান আইন সংশোধন কিংবা নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই একসঙ্গে কাজ করে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলি।’ সংলাপে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন, আন্না মিনজ ও শওকত আরা আক্তারসহ সরকারি কর্মকর্তা, মানবাধিকারকর্মী, বিভিন্ন এনজিও ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

