ঢাকাSunday , 4 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে ১৬ কোটি টাকার সোনাসহ বিমানের ২ কর্মী আটক

Link Copied!

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতার ভেতর থেকে ৮০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা সোনার মোট ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। রোববার সকাল সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার (এটিএইচ) মানিক মিয়া ও মিজানুর রহমান। সিআইআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা শাহজালাল বিমানবন্দরে অবস্থান নেন। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি রানওয়েতে অবস্থানকালে দুই বিমানকর্মীর জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো সোনার বারগুলো উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সিআইআইডি জানিয়েছে, সোনার বারগুলো জুতায় লুকিয়ে চোরাচালানের সঙ্গে কারা জড়িত, সেগুলো কোথা থেকে এসেছে এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মালয়েশীয় যাত্রীর কাছ থেকেও সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার
এদিকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে এক মালয়েশীয় যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে ৪ কেজি ওজনের নয়টি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। শনিবার রাত পৌনে ২টার দিকে কুয়ালালামপুর থেকে আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী ইয়াং ডন সিউয়ের কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস হাউজের বিজ্ঞপ্তি অনুযায়ী, তার কাছ থেকে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি—মোট নয়টি সোনার বার উদ্ধার করা হয়। ২৪ ক্যারেটের এসব সোনার আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থেকে ওই যাত্রীর ওপর নজরদারি রাখা হয়। ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ পার হওয়ার সময় তাকে তল্লাশি করা হলে শার্টের নিচে কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়। কাস্টমস হাউজ জানিয়েছে, ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি এবং সোনার বিষয়ে কোনো বৈধ নথিপত্রও দেখাতে পারেননি। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।