‘শরিয়াহর সাথে, বিশ্বাসের শীর্ষে’ স্লোগানকে সামনে রেখে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।
এ উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশব্যাপী ২২৬টি শাখা ও ৮৯টি উপশাখায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান। এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ লিয়াকত আলী চৌধুরী, পরিচালক আলহাজ খলিলুর রহমান, আলহাজ সেলিম রহমান, হাফেজ আলহাজ মো. এনায়েত উল্লাহ, আলহাজ আহামেদুল হক, আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, আলহাজ মো. রফিকুল ইসলাম এবং এস.এম. জহির উদ্দিন হায়দার, এফসিএমএ; পর্যবেক্ষক মোহাম্মদ আনিছুর রহমান, পরিচালক (আইবিআরসিডি), বাংলাদেশ ব্যাংক উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঁইয়া, মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, এস.এম. আবু জাফর এবং সৈয়দ আবুল হাসেম, এফসিএ, এফসিএমএসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা। ব্যাংকের সব শাখার ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ এবং গ্রাহক ও শুভানুধ্যায়ীরা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্রাহক, শুভানুধ্যায়ী ও অংশীদারদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, ১৯৯৫ সালে ‘সর্বদাই শরিয়াহ’র যে মূল্যবোধকে ভিত্তি করে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পথচলা শুরু হয়েছিল, আজও আমরা সেই মূল্যবোধকে ধারণ করেই এগিয়ে চলেছি। এই দীর্ঘ পথচলায় আপনাদের বিশ্বাস, সহযোগিতা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, শরিয়াহকে সঙ্গে নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংককে আমরা আরও শক্তিশালী ও আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে এগিয়ে নেব।
নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান শুভেচ্ছা জানিয়ে বলেন, ৩১ বছর শরিয়াহর সাথে, বিশ্বাসের শীর্ষে—এই ট্যাগলাইনেই ফুটে উঠেছে আপনাদের ভালোবাসা, আস্থা ও আমাদের দীর্ঘ পথচলার সাফল্য। এই পথচলায় আমাদের বিস্তৃত নেটওয়ার্ক, প্রায় সাড়ে ৬ হাজার এমপ্লয়িজের পরিবার, বিজনেস চ্যানেল ও অপারেশনস একটি বড় অর্জন। একই সঙ্গে করপোরেট গভর্ন্যান্স, গুড গভর্ন্যান্স, ট্রান্সপারেন্সি ও অ্যাকাউন্টিবিলিটি আরও শক্তিশালী করার পাশাপাশি ডিজিটাল ট্রান্সফরমেশন ও প্রসেস ডেভেলপমেন্টের মাধ্যমে সেবা আরও সহজ ও কার্যকর করতে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, এই ধারাবাহিকতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আরও আধুনিক ও আস্থাশীল ইসলামী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হবে।
ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লাহ খান ব্যাংকের সব বোর্ড সদস্য, নিয়ন্ত্রক সংস্থা, গ্রাহক, স্টেকহোল্ডার ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ৩১ বছর পূর্ণ করে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আজকের এই অবস্থানে এসেছে। সময় বদলাচ্ছে, গ্রাহকের প্রয়োজন ও প্রত্যাশাও পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা আধুনিক ও উদ্ভাবনী সেবা, ডিজিটাল ব্যাংকিং, রিটেইল ও এসএমই ব্যাংকিং এবং রেমিট্যান্সসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের সেবার পরিধি বাড়াচ্ছি।”
তিনি বলেন, ৩১ বছরের অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংককে বাংলাদেশের সেরা ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তিন দশকের পথচলায় দেশের অর্থনীতিতে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বর্তমানে ব্যাংকটির ৪২ লাখ গ্রাহকের সাড়ে ৫৪ হাজার কোটি টাকার আমানত রয়েছে। দেশজুড়ে ব্যাংকটির ২২৬টি শাখা, ৮৯টি উপশাখা, ৭৩৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ২৫৪টি এটিএম ও সিআরএমের নেটওয়ার্ক রয়েছে। আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম—এআইবিআই ই-ব্যাংকিং ও ইসলামীক ওয়ালেটের মাধ্যমে গ্রাহকদের যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে দ্রুত ও নিরাপদ লেনদেনের সুযোগ দেওয়া হচ্ছে।
৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংক কর্তৃপক্ষ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ব্যাংকের গ্রাহক, আমানতকারী, শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদ, নিয়ন্ত্রক সংস্থা, ব্যবসায়িক অংশীদার, গণমাধ্যম এবং সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে।

