‘ট্রান্সফর্ম, গ্রোথ অ্যান্ড সাসটেইনেবিলিটি’ প্রতিপাদ্য নিয়ে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, শেয়ারহোল্ডার, করপোরেট গ্রাহক, স্টেকহোল্ডার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘ট্রান্সফর্ম, গ্রোথ অ্যান্ড সাসটেইনেবিলিটি’ শুধু প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য নয়, এটি আগামী দিনের কমিউনিটি ব্যাংকের কৌশলগত অঙ্গীকার। পরিবর্তনকে উন্নয়নের চালিকাশক্তি, প্রবৃদ্ধিকে মানুষ ও ব্যবসার সম্ভাবনা তৈরির মাধ্যম এবং টেকসই উন্নয়নকে দীর্ঘমেয়াদি আস্থার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় ব্যাংকটি।
তিনি বলেন, কমিউনিটি ব্যাংকের রূপান্তর শুধু প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সেবার ধরন, কর্মসংস্কৃতি, চিন্তাভাবনা এবং গ্রাহকের সঙ্গে সম্পর্কের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনাই ব্যাংকের লক্ষ্য। একই সঙ্গে দায়িত্বশীল ব্যাংকিং, গ্রাহককেন্দ্রিক সেবা এবং টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি।

