ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে তরুণদের সামাজিক-রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি। নির্ধারিত সময়ের মধ্যে সিইসি পদত্যাগ না করলে ভারতজুড়ে জোরদার আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই নতুন আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে প্রধান নির্বাচন কমিশনারকে ‘গণতন্ত্রের জন্য হুমকি’ হিসেবে আখ্যা দিয়ে দ্রুত তার অপসারণ দাবি করেন। তিনি জানান, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী অহিংস ও রাজপথের কঠোর কর্মসূচি শুরু করা হবে। এর আগে বিভিন্ন নাগরিক ইস্যু নিয়ে মাঠে নেমে ভারতজুড়ে ব্যাপক আলোচনায় এসেছিল স্যাটায়ারভিত্তিক এই তরুণ সংগঠন। নতুন করে নির্বাচন কমিশন কেন্দ্রিক চলমান বিবাদের মধ্যে সিজেপির এই ঘোষণা ভারতের রাজনৈতিক অঙ্গনে বাড়তি উত্তাপ ছড়াচ্ছে।
সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক অনুসন্ধানমূলক প্রতিবেদনে জানানো হয়, গত ১০ মাসে ভোটার তালিকা সংশোধন ও নতুন মডিউল চালুর বিষয়ে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশি অন্তত ১৪ বার আপত্তি উত্থাপন করেছেন। বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ, এই প্রক্রিয়ায় কোটি কোটি ভোটারের নাম বাদ দিয়ে ক্ষমতাসীনদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কমিশন এই অভিযোগ অস্বীকার করে একে প্রতিষ্ঠানের স্বাভাবিক অভ্যন্তরীণ প্রক্রিয়ার অংশ বলে দাবি করেছে।

