আন্তর্জাতিক ডেস্ক : চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) প্রায় ছয় হাজার ইউরোপীয় যোদ্ধা যোগ দিয়েছে। সোমবার ইউরোপীয় ইউনিয়নের বিচার বিভাগীয় কমিশনার ওয়ারা জুরওয়া ফরাসি দৈনিক লা ফিগারোকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছে।
ওয়ারা জুরওয়া বলেন, আমরা ধারণা করছি প্রায় পাঁচ থেকে ছয় হাজার লোক সিরিয়ার উদ্দেশে দেশ ত্যাগ করেছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি। যুদ্ধে অংশগ্রহণকারীদের অনুসরণ করা সম্ভব না হওয়ায় এ সংখ্যা নিশ্চিত করে বলা কঠিন।
এতো বিশাল সংখ্যক ইউরোপীয় নাগরিকের সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দেয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরণের প্রবণতা রোধ করার জন্য বিচারবিভাগ শাস্তিমূলক ব্যবস্থা নেবে। ইউরোপে উগ্র গোষ্ঠীগুলোর সংখ্যা বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধান করার জন্য ইউরোপীয় দেশগুলোর মধ্যে তথ্য বিনিময়ের পদক্ষেপও নেয়া হবে বলে তিনি জানান।
সিরিয়া তরুণদের যাওয়া ঠেকাতে পদক্ষেপ নিতে অনেক দেরি হয়ে গেছে স্বীকার করে ওয়ারা জুরওয়া বলেন, তুরস্ক, মিশর কিংবা তিউনিশিয়ার মত দেশগুলোর সঙ্গে ইউরোপের সমঝোতার মাধ্যমে এ ব্যাপারে এখনও কার্যকর পদক্ষেপ নেয়া যাবে।

