নিজস্ব প্রতিবেদক: কালো টাকা ও পেশি শক্তি ব্যবহার বন্ধ করতে সবার সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।
সোমবার সকালে ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতার আহ্বান জানান।
সিইসি বলেন, ‘অনেক প্রার্থী অভিযোগ, নির্বাচনে কালো টাকা ব্যবহার করা হচ্ছে। আপনাদের মতো আমরাও চাই নির্বাচনে কালো টাকা ও পেশী শক্তি বন্ধ হোক। কিন্তু এর জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার। আপনারা সহযোগিতা করলে আমরা এটা বন্ধ করতে পারবো।’
তিনি বলেন, ‘হলফনামায় যারা মিথ্যা তথ্য দিয়েছেন নির্বাচনের আগে ও পরে এর প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কারো মুখ চেয়ে ব্যবস্থা নেয়া হবে না।’
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘এলাকার জনগণ যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে ও প্রার্থীরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন। কোন ধরনের বেআইনী কাজ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখুন। আমরা কোনোভাবে বেআইনী কর্মকাণ্ড হতে দেবো না।’

