আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি হচ্ছেন প্রথম মার্কিন নারী যিনি এ নির্বাচনে লড়াই করতে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের সাবেক এই ফার্স্ট লেডি রোববার ইন্টারনেটে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছি।’ তিনি আরো বলেন, ‘প্রতিদিন আমেরিকানদের একজন চ্যাম্পিয়ন দরকার। আমি সেই চ্যাম্পিয়ন হতে চাই।’
নির্বাচনী প্রচারণার জন্য রোববার হিলারি একটি ওয়েবসাইট উদ্বোধন করেছেন। সেখানেই তিনি নিজের প্রার্থিতার ঘোষণা দিয়ে ওই ভিডিওটি প্রকাশ করেন। সেখানে প্রকাশিত আরো একটি ভিডিওতে দেখা যায়, সাধারণ মার্কিন নাগরিকেরা তারা তাদের আশা-আকাঙ্ক্ষা ও দাবি-দাওয়ার কথা বলছেন।
ডেমোক্রেটিক দলের মনোনয়নে সবচেয়ে এগিয়ে থাকা হিলারির এ সপ্তাহেই আইওয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচনী প্রচারণা শুরু করার কথা রয়েছে। মে মাসের মাঝামাঝি নাগাদ তিনি তার প্রথম সমাবেশ করবেন বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট বারাক ওবামাও প্রেসিডেন্ট পদে তার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর প্রতি সমর্থন জানিয়েছেন।
২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নিতে চেয়েছিলেন হিলারি। কিন্তু ডেমোক্রেটিক দলের মনোনয়নের দৌঁড়ে তিনি বারাক ওবামার কাছে হেরে যান।

