নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হককে সমর্থন জানিয়েছেন তৈরি পোশাক খাতের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমইএর নেতারা।
রোববার রাজধানীর মহাখালীতে ‘পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি ও শিল্পকে এগিয়ে নিয়ে নিকট ভবিষ্যতে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় আনিসুল হক উপস্থিত হলে ব্যবসায়ীরা তার প্রতি সমর্থন জানান। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।
এ সময় বিজিএমই সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘আমরা নিরাপদ ফ্যাক্টরির মতো নিরাপদ ঢাকা চাই। এজন্য বিজিএমইএয়ের পক্ষ থেকে আগামী নির্বাচনে আনিসুল হককে সমর্থন দিচ্ছি।’
এরপরই উপস্থিত অন্যান্য ব্যবসায়ী নেতারা দাঁড়িয়ে দুহাত ওপরে তুলে আনিসুল হককে সমর্থন জানান।
বিজিএমইএর সভাপতি আরো বলেন, ‘অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান ও বিটিএমএ সভাপতি তপন চৌধুরী আনিসুল হককে সমর্থন জানিয়েছেন।’
এ সময় এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, ‘ইউনাইটেড উই উইন, ডিভাইডেড উই ফল। তাই আমরা একসঙ্গে সবাই মিলে কাজ করবো।’
তিনি আনিসুল হকের জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘সবাই মিলে আমরা আনিসকে জয়ী করবো।’
সমর্থন জানানোয় ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে আনিসুল হক বলেন, ‘আমরা সবাই মিলে একটি পরিবার। পরিবারের মধ্যে নানা মতভেদ থাকে। কিন্তু কোনো চ্যালেঞ্জ সামনে আসলে সবাই সব বিভেদ ভুলে এক হয়ে যায়। আমি মনে করি আমরা ব্যবসায়ীরা এক হয়ে রাজনীতিবিদদের জন্য উদহারণ সৃষ্টি করেছি।’
তিনি বলেন, ‘ব্যবসায়ী হয়েও সাধারণ মানুষের জন্য কিছু করার সুযোগ আমার সামনে এসেছে। নির্বাচিত হলে আমরা সবাই মিলে এই শহরকে নতুন করে সাজাতে কাজ করে যাবো।’

