নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় প্রবৃদ্ধির হার কমবে বলে ভবিষদ্বানী করেছে বিশ্বব্যাংক। তার প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বিশ্বব্যাংক, এডিবিসহ দাতা সংস্থাগুলো এমন ভবিষ্যদ্বাণী করে। তারা অলঅয়েস রং ইনফরমেশন দেন। তারা এরকম ভুল প্রেডিকশন প্রতিবারই করে।’
আজ বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা জানান।
তিনি বলেন, ‘আমি আশা করছি প্রবৃদ্ধির হার সাত শতাংশের কাছাকাছি থাকবে। তবে এটাও ঠিক, খালেদা জিয়ার আন্দোলনের জন্য আমাদের প্রবৃদ্ধির হার কিছুটা কমেছে। আমাদের বিদেশি বিনিয়োগ অনেক কমে গেছে। তা নাহলে এর পরিমাণ আরো বেশি হতে পারতো। তাই আমি মনে করি, খালেদা জিয়া দেশের শত্রু।’
এর আগে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন দেশের রাজনৈতিক সহিংসতায় উৎপাদনখাতে ক্ষয়ক্ষতির পরিমাণের তথ্য দিয়েছেন। যা মোট জিডিপির এক শতাংশ। অর্থের হিসাবে প্রায় ১৭ হাজার ১৫০ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক অস্থিরতা না থাকলে এই অর্থবছরে ছয় দশমিক চার থেকে ছয় দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধি হত। ক্ষতির কারণে পাঁচ দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।
রাজনৈতিক অস্থিরতায় উৎপাদন খাতে প্রতিদিন যে ক্ষতি হয়েছে তার ভিত্তিতে এই হিসাব করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে সচিবালয়ে আজ (রোববার) অর্থমন্ত্রী ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্টেফেন্স ব্লুম বার্নিকাট ও চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াঙ্গ এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সকালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) একটি প্রতিনিধি দলের সঙ্গেও অর্থমন্ত্রী সাক্ষাৎ করেছেন।

