আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের নাজরান সীমান্তে মর্টার হামলা চালালে দেশটির সীমান্ত চৌকির তিন কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু জন। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
শনিবার এক বিবৃতিতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সীমান্তবর্তী নাজরান প্রদেশে ওই হামলার ঘটনা ঘটে। জবাবে হামলাকারীদের লক্ষ্য করে গুলি চালায় সৌদি বাহিনী। ওই বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, গত মাসে ইয়েমেনের শিয়াপন্থি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন আরব জোট বিমান হামলা শুরু করার পর থেকে এ পযন্ত ৫শ হুতি নিহত হয়েছে।
এর আগে চলতি মাসের গোড়ার দিকে হুতিদের সঙ্গে লড়াইয়ে আরো তিন সৌদি সীমান্ত রক্ষী নিহত হয়েছিল।
এদিকে ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দর নগরী এডেনে প্রেসিডেন্ট মানসুর হাদির অনুগত বাহিনী এবং হুতি বিদ্রোহীদের স্থলযুদ্ধে ২৪ জনের বেশি যোদ্ধা এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বর্তমানে হুতিদের অস্ত্র গুদাম লক্ষ্য করে বিমান চালাচ্ছে সৌদি জোট।

