আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ বৈরিতার পর অবশেষে একসঙ্গে আলোচনায় বসলেন যুক্তরাষ্ট্র ও কিউবার রাষ্ট্রনায়করা। গত শনিবার পানামায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে মোট ৬০ বছর পর যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট বারাক ওবামা এবং কিউবার পক্ষে প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো মুখোমুখি আলোচনায় বসেন। আলোচনায় দুদেশের মধ্যকার সম্পর্ককে টেকসই ও উন্নত করার প্রশ্নে একমত হন দুই দেশের নেতারা।
আলোচনায় ওবামাকে উদ্দেশ্যে করে রাউল ক্যাস্ত্রো বলেন, ‘আমরা সবকিছু নিয়ে আলোচনা করতে রাজি আছি। তবে আমাদের ধৈর্য্য ধরতে হবে, অনেক ধৈর্য্য ধরতে হবে। কিছু কিছু বিষয়ে আমরা একমত হতে পারি, আবার অন্যান্য বিষয়ে দ্বিমত হতে পারে।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আলোচনাটিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বলেছিলেন, ‘শীতল যুদ্ধের অবসান ঘটাতে পারে এই দেশ দুটি। আমরা ভবিষ্যতের দিকে যাওয়ার পথে আছি। সমাজ কীভাবে গঠন করা উচিত সে বিষয়ে আমাদের পৃথক দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু আমি তাকে সরাসরি জানিয়েছি, আমরা গণতন্ত্র, মানবাধিকার, সমাবেশ করার স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার মতো বিষয়গুলো নিয়ে কথা বলা বন্ধ করবো না।’
গত বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে দুই দেশের নেতা পর্যায়ে সম্পর্ক উন্নয়নে প্রথমবারের মতো টেলিফোন আলাপ হয়। এর আগে শেষবার ১৯৫৬ সালে কিউবার নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতাদের এক আলোচনা অনুষ্ঠান হয়েছিল। এরপর ১৯৫৯ সালের ১ জানুয়ারি কিউবায় বিপ্লব পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় দেশটির।

