পাঞ্জেরী ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মো. কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় দেশের বিভিন্ন স্থানে বিজয় উল্লাস, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ, ছ্ত্রলীগ এবং মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন।
শনিবার রাত ১০টা ৩০ মিনিটে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর পরপরই দেশের বিভিন্ন জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে আওয়ামী লীগ, ছ্ত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ব্রাহ্মণবাড়িয়া: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করায় ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় উল্লাস ও আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করেন নেতাকর্মীরা।
চুয়াডাঙ্গা: মানবতাবিরোধী মামলায় জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় চুয়াডাঙ্গায় আনন্দ মিছিল করেছে মুক্তিযোদ্ধা, সাধারণ জনতা, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।
শনিবার রাত সোয়া ১০টার দিকে ‘জয় বাংলা’ ও ‘রাজাকার নিপাত যাক’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে চুয়াডাঙ্গা শহর।
মিছিলে মুক্তিযোদ্ধা, সাধারণ জনতা এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় মিষ্টি বিতরণ করা হয়েছে।
ঝিনাইদহ: কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর হওয়ায় শনিবার রাত সোয়া ১০টায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ।
রাতে শহরের পোস্ট অফিস মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বর্তমান সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদ প্রমুখ।
কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর হওয়ায় বক্তারা আনন্দ প্রকাশ করেন।

