বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল করিম ও মো. জহিরুল আলমসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আতাউর রহমান বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সুদৃঢ় সাংগঠনিক কাঠামো ও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
তিনি বলেন, ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রীয় নিপীড়ন ও নানা সংকটের মুখে বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে। এর মাধ্যমে দলটির গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা এবং বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা বারবার প্রমাণিত হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক বলেন, গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রাম এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়া ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। তিনি শুধু একজন ব্যক্তি নন, নিজ কর্মগুণে নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক জীবন্ত অধ্যায়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

