বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক (ইডি) ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। রোববার (১৬ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আরবাউল হাছান মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছর মেয়াদে সিরাজুল ইসলামকে আইডিআরএর সদস্য (প্রশাসন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, তার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। সিরাজুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হিসেবেও দায়িত্বে ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহে। এর আগে আইডিআরএর সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক গত ১৩ আগস্ট পদত্যাগ করেন। ফলে পদটি শূন্য হয়। তার পদত্যাগের তিন দিনের মধ্যেই ওই পদে নতুন নিয়োগ দেওয়া হলো।

