ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শনিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিকে আবারও যাচ্ছে ভারতীয় খাদ্য সহায়তার চাল।
গত বুধবার রাতে ভারতীয় চাল নিয়ে আরো একটি জাহাজ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দরে এসে নোঙ্গর করে। এমভি সান মেরিনো নামে ওই জাহাজে ১৯৪৫০ বস্তায় প্রায় ৯৬৩ মেট্রিক টন চাল রয়েছে।
আশুগঞ্জ নৌ-বন্দরের ট্রাফিক ইনস্পেক্টর মো. শাহ আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকাল থেকে এসব চাল ২৫-৩০টি কাভার্ডভ্যানে করে আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় যাবে। নৌ-প্রটোকল চুক্তির আওতায় ভারতের খাদ্য সহায়তার দ্বিতীয় দফার ২৫ হাজার মেট্রিক টন চালের প্রথম জাহাজ এমভি নিউটেক প্রায় ৯৩৭ মেট্রিক টন চাল নিয়ে গত ২৮ মার্চ আশুগঞ্জে আসে। গত ৩১ মার্চ মঙ্গলবার থেকে শুরু হয়ে গত ৪ এপ্রিল পর্যন্ত এসব চাল আগরতলায় যায়।
উল্লেখ্য, মানবিক কারণে খাদ্য সহায়তার এসব চাল পরিবহনে বাংলাদেশ কোনো ধরণের শুল্ক নিচ্ছে না। নৌ-প্রটোকল চুক্তির আওতায় গত বছরের আগস্ট ও অক্টোবরে বাংলাদেশের ৩শ কিলোমিটার জলপথ ও ৫০ কিলোমিটার সড়কপথ ব্যবহার করে দু’বারে ১০ হাজার মেট্রিক টন চাল নেয় ভারত। এখন নিচ্ছে আরো ২৫ হাজার মেট্রিক টন চাল। এর আগে আশুগঞ্জ নৌ-বন্দর হয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে বিদ্যুৎ কেন্দ্রের ভারী মালামালও পরিবহন করে ভারত।

