দিনাজপুরে শনিবার দিনব্যাপী ‘ক্লিন নোট ম্যানেজমেন্ট এবং ময়লা, ছেঁড়া-ফাটা ও ত্রুটিযুক্ত নোট বিনিময়’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসের পরিচালক মো. দেওয়ান সিরাজ। যমুনা ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. হাসান রুহি ইসলাম ও যুগ্ম পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। এ সময় স্বাগত বক্তব্য দেন যমুনা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনাল হেড মুহাম্মদ ফজলুল হক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘টাকা শুধু কাগজের নোট নয়; টাকা মানে মানুষের শ্রম, আয়, সঞ্চয় ও স্বপ্ন। আমরা শুধু টাকা গুনি না, আমরা মানুষের আস্থা ও স্বপ্নের মূল্য রক্ষা করি। তাই নোটের সঠিকতা যাচাই-বাছাই, সংরক্ষণ ও বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।’
কর্মশালায় নোট যাচাই-বাছাই, সংরক্ষণ ও ত্রুটিযুক্ত নোট বিনিময়ের নিয়ম ও প্রক্রিয়া নিয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেয়া হয়। এতে যমুনা ব্যাংকের রংপুর বিভাগের ১২টি শাখা ও ১৭টি উপশাখার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

