দেশের নিটওয়্যার খাতের কর্মী ও কর্মকর্তাদের জন্য ইন্স্যুরেন্স সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
এ উদ্যোগের আওতায় বিকেএমইএর সদস্য কারখানার কর্মীরা বছরে মাত্র ২৫০ টাকা প্রিমিয়াম জমা দিয়ে গার্ডিয়ানের সমন্বিত ইন্স্যুরেন্স সেবা গ্রহণ করতে পারবেন। এতে লাইফ ইন্স্যুরেন্স সুরক্ষার পাশাপাশি থাকছে ২৪/৭ টেলিমেডিসিন সেবা এবং ৫০০ এর বেশি হাসপাতালে ডিসকাউন্ট সুবিধা পাবেন, যা কর্মী ও কর্মকর্তাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও গ্রহণ করতে পারবেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ এবং বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম।
সমঝোতার অংশ হিসেবে বিকেএমইএ’র সদস্য কারখানাগুলো তাদের কর্মী ও কর্মকর্তাদের গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষার সঙ্গে যুক্ত হতে সহায়তা করবে। বর্তমানে বিকেএমইএ’র ২,৫০০ এর অধিক সদস্য কারখানা রয়েছে। ফলে এই উদ্যোগের মাধ্যমে নিটওয়্যার খাতের বৃহৎ একটি কর্মীবাহিনীর কাছে গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সেবা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, ‘আজকের এ উদ্যোগ থেকে অনেক কিছুই শিক্ষণীয়। প্রাইভেট একটি প্রতিষ্ঠান যতটুকু নিয়ে এগিয়ে এসেছে, তার সঙ্গে সরকার আন্তরিকভাবে যুক্ত হলে এ দেশের সব শ্রমিককে এই চিকিৎসা সহায়তা দিতে কোনো অসুবিধা হবে না।’
তিনি আরও বলেন, ‘গার্ডিয়ানের সঙ্গে যারা যুক্ত এবং যারা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন, তারা প্রত্যেকেই একেকটি প্রতিষ্ঠান এবং দীর্ঘ পথচলায় তাদের প্রতি জনগণের আস্থা তৈরি হয়েছে। তাদের এই উদ্যোগ থেকে ধারণা নিয়ে সরকারের পক্ষ থেকে আমাদের পুরো কর্মসংস্থান খাতকে কীভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে আমরা কাজ করতে পারি।’ এ ছাড়া উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কো-ফাউন্ডার তপন চৌধুরী, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের স্পন্সর ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর এবং বিকেএমইএ’র সহসভাপতি মোহাম্মদ রাশেদ।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার বলেন, ‘বিকেএমইএ এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আজ যে মহতী উদ্যোগ নিয়েছে, এটি নিঃসন্দেহে বাংলাদেশের শ্রমিক কল্যাণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ। বাংলাদেশের তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্প আজ দেশের অন্যতম চালিকাশক্তি। তাদের জীবন, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা কেবল নৈতিক দায়িত্বই নয়, বরং একটি টেকসই ও প্রতিযোগিতামূলক শিল্প গড়ে তোলার পূর্বশর্ত।’ বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের যদি ইন্স্যুরেন্সের একটি আওতায় নিয়ে আসা যেত, তাহলে বাংলাদেশে একটি বড় মডেলের সূচনা করা সম্ভব হতো। সব কারখানার জন্য এটি বাধ্যতামূলক করা যেত এবং সরকার সেখানে বিভিন্ন প্রণোদনার সঙ্গে বিষয়টিকে যুক্ত করতে পারত।’ অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কো-ফাউন্ডার তপন চৌধুরী বলেন, ‘আমি আপনাদের কাছে আনন্দের সঙ্গে বলতে চাই যে, অল্প সময়ের মধ্যেই গার্ডিয়ান সকলের আস্থা অর্জন করতে পেরেছে। মাত্র ২০ টাকার (মাসে) বিনিময়ে যে সেবাটা গ্রাহকরা পাবেন, এটি তাদের জন্য অনেক বড় একটি সাপোর্ট হিসেবে কাজ করবে। এ ধরনের প্রচেষ্টার মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে।’ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের স্পন্সর ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘এই চুক্তির মাধ্যমে আমরা একটি ঐতিহাসিক মাইলফলক প্রতিষ্ঠা করতে যাচ্ছি। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ও বিকেএমইএ মিলে আমরা যে উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছি, সেটি বাংলাদেশের অগ্রযাত্রায় একটি নতুন মাত্রা যুক্ত করবে।’ একটি গবেষণার উদাহরণ টেনে তিনি বলেন, ‘কাজের পরিবেশ উন্নত করা গেলে কর্মীদের উৎপাদনশীলতা ন্যূনতম ১০ শতাংশ বৃদ্ধি পায়।’
‘সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমাদের মানবসম্পদ। বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ হলো মানুষ। এই মানবসম্পদ, অর্থাৎ হিউম্যান ক্যাপিটাল, যদি বৃদ্ধি করতে পারি এবং এর মান যদি উন্নত করতে পারি, নিশ্চয়ই বাংলাদেশ আরও এগিয়ে যাবে,’ তিনি যোগ করেন। বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে, আপনারা আজকে এমন একটি ভালো, এমন একটি মহৎ উদ্যোগ নিয়েছেন। আমরা শ্রমিকদের ওয়েলবিং নিয়ে কাজ করি। ভালো কিছু পেলে আমরা সেটা নিয়ে কাজ করতে চাই। এটাও তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।’ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, ‘এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা বিকেএমইএ’র সদস্য ও কর্মীদের জন্য আরও বেশি আর্থিক নিরাপত্তা ও নিশ্চয়তা তৈরি করতে চাই। আমরা বিশ্বাস করি, ইন্স্যুরেন্স শুধু একটি আর্থিক পণ্য নয়। এটি মানুষের কঠিন সময়ে পাশে থাকার একটি প্রতিশ্রুতি।’ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও)-এর ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গুঞ্জন বাহাদুর, অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, গার্ডিয়ান ও বিকেএমইএ’র অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ উদ্যোগ নিটওয়্যার খাতের বিপুলসংখ্যক শ্রমিক ও কর্মীর কাছে ইন্স্যুরেন্স সেবা পৌঁছে দিতে সহায়তা করবে। এর মধ্য দিয়ে সবার জন্য সহজলভ্য ইন্স্যুরেন্স সেবা নিশ্চিত করার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

