সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আবার নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা পরিচালক এমএ কাশেম। গতকাল রোববার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯৬তম সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। এমএ কাশেম সাউথইস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক। ব্যবসা, শিক্ষা ও সমাজসেবায় দীর্ঘদিন ধরে যুক্ত তিনি। নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চারবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি রোজ কর্নার (প্রাইভেট) লিমিটেডের চেয়ারম্যান। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি। সংগঠনটির সালিসি ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সাবেক চেয়ারম্যান তিনি। ব্যবসায়িক ও শিল্প খাতে অবদানের জন্য বিভিন্ন সময়ে সম্মাননাও পেয়েছেন এমএ কাশেম। রপ্তানিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ সালে তিনি ‘প্রেসিডেন্ট এক্সপোর্ট ট্রফি’ অর্জন করেন। ১৯৯৫ সালে শিল্প খাতে অবদানের জন্য ‘সিআর দাস স্বর্ণপদক’ পান। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে ২০১১ এবং ২০১৬-১৭ সালে সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পেয়েছেন।

