ঢাকাSunday , 9 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার ছাদে সবুজায়ন বাড়ানোর আহ্বান প্রধান বন সংরক্ষকের

Link Copied!

ঢাকার মোট এলাকার মাত্র ১০ দশমিক ৫ শতাংশ সবুজ রয়েছে। বাসযোগ্য শহরের জন্য এই হার প্রায় ২০ শতাংশ হওয়া প্রয়োজন। জায়গার সংকট থাকায় ভবনের ছাদকে সবুজায়নের আওতায় এনে নগরীর পরিবেশে প্রাণ ফেরানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।

রোববার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে জাতীয় বৃক্ষমেলা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বন সংরক্ষক বলেন, দুই বছর আগে পরিচালিত এক জরিপে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সবুজের পরিমাণ মাত্র ১০ দশমিক ৫ শতাংশ পাওয়া যায়। অথচ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি শহরকে বাসযোগ্য রাখতে প্রায় ২০ শতাংশ সবুজ থাকা প্রয়োজন।

তিনি বলেন, ঢাকায় নতুন করে বড় পরিসরে সবুজায়নের জন্য জায়গা অত্যন্ত সীমিত। তাই ভবনগুলোর ছাদকে কাজে লাগিয়ে ‘রুফটপ গ্রিনিং’ বাড়ানো যেতে পারে। রাজধানীর বিপুল সংখ্যক ভবনের ছাদ সবুজ করা সম্ভব হলে নগরীর পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে এবং নগরবাসীর জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হবে।

বৃক্ষমেলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রাজধানীর বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে চারা সংগ্রহের পরিবর্তে বৃক্ষমেলায় একসঙ্গে বিভিন্ন প্রজাতির চারা পাওয়া যায়। এতে মানুষ প্রয়োজন অনুযায়ী গাছ দেখে ও বেছে কেনার সুযোগ পান।
তিনি আরও বলেন, ঢাকার অন্যান্য মেলার তুলনায় বৃক্ষমেলার আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এটি শুধু কেনাবেচার মেলা নয়, বরং নগরবাসীর জন্য সবুজ, প্রশান্তি ও স্নিগ্ধতারও একটি বড় আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম এবং বাংলাদেশ জলবায়ু ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম (টিপু)।

সমাপনী অনুষ্ঠানে জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার-২০২৫-এর দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখা ব্যক্তি, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী এবং জাতীয় বৃক্ষমেলা-২০২৬-এর নির্বাচিত স্টল মালিকদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।