সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে নিয়ে বিভিন্ন ‘মিথ্যা ও বানোয়াট তথ্য, ছবি ও ভিডিও’ প্রচারের অভিযোগে রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মিয়া এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ১ আগস্ট রাজধানীর রমনা থানায় নুরুল আফসার নামের এক ব্যক্তি জিডি করেন।
ইয়াছিন মিয়া বলেন, সাধারণ ডায়েরির বিষয়টি তদন্তের জন্য ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে পাঠানো হয়েছে। থানার পক্ষ থেকে একজন তদন্ত কর্মকর্তা (আইও) থাকলেও বিষয়টি সাইবার ইউনিটে তদন্ত করা হবে।
তদন্ত শেষে সাইবার ইউনিট থেকে একটি প্রতিবেদন দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।
জিডিতে কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট ও পেজের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। এসব মাধ্যম থেকে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের তথ্য, ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।
জিডিতে উল্লেখ করা অ্যাকাউন্ট ও পেজগুলোর মধ্যে রয়েছে ‘Abdur Rab Bhuttow’, ‘Corruption in Media’, ‘Jawad Nirjhor’ ও ‘RTnews24’। এসব অ্যাকাউন্টের একাধিক ফেসবুক লিংকও জিডির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
নুরুল আফসার জিডিতে নিজেকে ‘মাননীয় শিক্ষামন্ত্রীর পিও’ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি অভিযোগ করেন, গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে নিয়ে বিভিন্ন ‘মিথ্যা ও বানোয়াট তথ্য, ছবি ও ভিডিও’ প্রচার করা হচ্ছে।
ভবিষ্যতের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার আবেদন করেন তিনি। রমনা থানার জিডি সূত্রে জানা যায়, আবেদনটি ১ আগস্ট সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়।

