ঢাকাSaturday , 8 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্যাস-বিদ্যুৎ বিলের জরিমানা মওকুফসহ তিন মাস সময় চায় চট্টগ্রাম চেম্বার

Link Copied!

সরবরাহজনিত বিঘ্নতায় শিল্পোৎপাদন ব্যাহত হওয়ায় গ্যাস ও বিদ্যুতের বিল পরিশোধে জরিমানা মওকুফসহ তিন মাস সময় দেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

শনিবার (৮ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে পাঠানো এক চিঠিতে এ দাবি জানান চট্টগ্রাম চেম্বারের সভাপতি।

চিঠিতে বলা হয়, সরকারের সমন্বিত ও কার্যকর পদক্ষেপের কারণে বাংলাদেশ তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট থেকে দ্রুত উত্তরণে সক্ষম হয়েছে। তবে বিগত দীর্ঘ সময় ধরে গ্যাস ও বিদ্যুতের সরবরাহে ব্যাপক বিঘ্নের কারণে রপ্তানিমুখী গার্মেন্টস, টেক্সটাইল, প্লাস্টিকসহ ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উৎপাদনমুখী শিল্পকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এমনকি সরবরাহ সংকটের কারণে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে অথবা অলিখিত লে-অফে চলে গেছে।

চিঠিতে আরও বলা হয়, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ কমে যাওয়ায় দেশের প্রায় সব শিল্পকারখানাই উৎপাদন ব্যাহত হয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় রপ্তানি ও বিক্রিও উল্লেখযোগ্যভাবে কমেছে, কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এতে শিল্পোদ্যোক্তাদের উৎপাদন খরচও উঠে আসেনি। ফলে কর্মচারীদের বেতন-ভাতা, ব্যাংক ঋণের সুদ, ইউটিলিটি বিলসহ দৈনন্দিন ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। এর প্রভাব আগামী কয়েক মাসও শিল্পোদ্যোক্তাদের বহন করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, শিল্পমালিকদের অপ্রত্যাশিত ও অনিয়ন্ত্রিত আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে সময় দেওয়া প্রয়োজন। এ জন্য বর্তমানে কোনো কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করাসহ অন্তত আগামী ছয় মাস কোনো ধরনের জরিমানা ছাড়াই বিল পরিশোধের সুযোগ দিতে ৯০ দিনের বিলম্ব মার্জনা অনুমোদনের প্রস্তাব করা হয়েছে। এতে দেশের নিরবচ্ছিন্ন শিল্পোৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

বর্তমান পরিস্থিতির বাস্তবতা বিবেচনায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্নজনিত আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে শিল্পোদ্যোক্তাদের সহযোগিতা এবং নিরবচ্ছিন্ন শিল্পোৎপাদন নিশ্চিত করার স্বার্থে কোনো গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে ‘মাস টু মাস’ বিল পরিশোধের প্রচলিত নিয়ম সাময়িকভাবে রহিত করে কোনো ধরনের জরিমানা ছাড়াই বিল পরিশোধের জন্য ৯০ দিনের একটি বিলম্ব মার্জনা পিরিয়ড অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রীকে অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।