ঢাকাSaturday , 8 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ববাজারে একদিনে ১০০ ডলার বাড়লো সোনার দাম, বাংলাদেশে কত?

Link Copied!

কয়েকদিন আগেও সোনার বাজার ছিল নিম্নমুখী। এখন সেটিই আবার আকাশ ছুঁতে শুরু করেছে। সপ্তাহের শেষ কর্মদিবসে আন্তর্জাতিক বাজারে সোনার দাম একলাফে প্রায় ১০০ মার্কিন ডলার বেড়েছে। তার সঙ্গে সমন্বয় করে শনিবার (৮ আগস্ট) বাংলাদেশেও বাড়ানো হয়েছে সোনার দাম।

শুক্রবার দিন শেষে বিশ্ববাজারে স্পট সোনার দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ট্রয় আউন্স ৪ হাজার ৩৩৬ দশমিক ০২ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। দিনের একপর্যায়ে এর দাম তিন শতাংশের বেশি বেড়ে গত ১৭ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

দামের হিসাবে এদিন প্রতি আউন্স সোনার দাম বেড়েছে প্রায় ১০০ ডলার (১২ হাজার ৩০০ টাকা প্রায়)। সপ্তাহের হিসাবে দাম বেড়েছে সাত শতাংশের বেশি।

গত জানুয়ারির পর এটিই সোনার দামে সবচেয়ে শক্তিশালী সাপ্তাহিক উত্থান। জানুয়ারিতে সোনার দাম রেকর্ড উচ্চতায় উঠেছিল। তখন প্রতি আউন্স সোনা বিক্রি হয়েছিল ৫ হাজার ৫০০ ডলারের বেশি দামে।

বিশ্ববাজারে সোনার ভরি কত?
শুক্রবারের বাজারদর অনুসারে, আন্তর্জাতিক বাজারে প্রতি ট্রয় আউন্স সোনা ৪ হাজার ৩৩৬ দশমিক ০২ মার্কিন ডলার হলে বাংলাদেশি মুদ্রায় এর দাম দাঁড়ায় ৫ লাখ ৩৭ হাজার টাকা প্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।

সেই হিসাবে, প্রতি ভরি স্পট সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ১ হাজার ১২৩ টাকার কাছাকাছি (এক ট্রয় আউন্স সমান ২ দশমিক ৬৭ ভরি ধরে)।

আর একদিনে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে ভরিতে ৪ হাজার ৬০০ টাকা প্রায়।

উল্লেখ্য, এটি একটি আনুমানিক হিসাব। আন্তর্জাতিক বাজারে সোনা ও মার্কিন ডলারের দাম প্রতিনিয়ত পরিবর্তনশীল হওয়ায় এর স্থির মূল্য বের করা কঠিন।

বাংলাদেশে সোনার দাম কত?
দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা। এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

শনিবার সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এর আগে, গত ৭ আগস্ট ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। তার আগের দিন ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয়েছিল ৯ হাজার ৮৫৬ টাকা। এখন আবার বাড়ানো হলো দাম।

 

সূত্র: দ্য ইকোনমিক টাইমস, গোল্ড প্রাইস