আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চলতি সপ্তাহে প্রার্থিতা ঘোষণা করতে যাচ্ছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হিলারি এ নিয়ে দ্বিতীয়বারের মত ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক প্রেসিডেন্টশিয়াল পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা করতে যাচ্ছেন। এর আগে ২০০৮ সালে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক প্রেসিডেন্টশিয়াল প্রতিযোগিতায় বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পরাজিত হন তিনি।
ওয়াল স্ট্রিট জার্নালে এক অজ্ঞাতনামাকে উদ্ধৃত করে বলা হয়, ‘হিলারির রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে গত কয়েক বছর যাবৎ যে জল্পনা চলছে তিনি তার অবসান ঘটাবেন । আনুষ্ঠানিকভাবে চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থিতার ঘোষণা দেবেন।’
প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী প্রচারের প্রধান কার্যালয় হিসেবে ব্রুকলিনে একটি বিশাল অফিস বুকিং দিয়েছেন হিলারি নির্বাচনি টিম। তবে, এ ব্যাপারে হিলারির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন দৌড়ে এবং রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থীর চেয়ে বেশ ভালোভাবেই এগিয়ে রয়েছেন। এবিসি নিউজ এবং ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, হিলারি তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বি রিপাবলিকান প্রার্থী জেব বুশের চেয়ে ৫৪-৪০ ব্যবধানে এগিয়ে আছেন।

