ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বৃহস্পতিবার জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুস্তফা কামাল বাদী হয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. শফিকুল ইসলামকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন-বিদ্যালয়ের শিক্ষক আবু বক্কর সিদ্দিক, নজরুল ইসলাম ও অজ্ঞাত এক নারী।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অভিযুক্ত তিন জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ে দ্বন্দ্বের জের ধরে গতকাল বৃহস্পতিবার দুই দল শিক্ষকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছাত্র-শিক্ষকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় ছাত্ররা ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকরের নিয়োগ নিয়ে আগে থেকেই শিক্ষকদের মধ্যে বিভাজন তৈরি হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে প্রধান শিক্ষক দুই সহকারি শিক্ষককে শ্রেণীকক্ষে যেতে বারণ করেন। এ নিয়ে উভয় শিক্ষকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই দল শিক্ষকের মাঝে ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু হলে দুই ছাত্রসহ পাঁচজন আহত হন। গুরুতর আহত অষ্টম শ্রেণীর ছাত্র মো. রিফাতকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ছাত্র আহত হবার ঘটনায় সকল ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর করে।

