ঢাকাMonday , 20 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন বেলাল হোসেন 

Link Copied!

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেয়েছেন সংস্থাটির প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকা মো. বেলাল হোসেন। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ রোববার একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে, চলতি বছরের ১৪ জানুয়ারি তিনি প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব গ্রহণ করেন। পরে ১০ ফেব্রুয়ারি তাকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব দেওয়া হয়। এরও আগে একই বছরের ১৪ জানুয়ারি তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) পদে পদোন্নতি লাভ করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-১ এর ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতন স্কেলে মো. বেলাল হোসেনকে এলজিইডির প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। বেলাল হোসেন ১৯৮৯ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বর্তমান রুয়েট), রাজশাহী থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এর আগে ১৯৮২ সালে এসএসসি এবং ১৯৮৪ সালে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৯২ সালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সহকারী প্রকৌশলী হিসেবে এলজিইডিতে যোগদান করেন। কর্মজীবনের শুরুতেই কুমিল্লা বোর্ডে বুনিয়াদি প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করেন। ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় দায়িত্ব পালনকালে তিনি শ্রেষ্ঠ উপজেলা প্রকৌশলীর স্বীকৃতি লাভ করেন।
পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী হিসেবে গাইবান্ধা ও নীলফামারী জেলায় দায়িত্ব পালন করেন। বিভিন্ন প্রতিকূলতা ও রাজনৈতিক চাপ মোকাবিলা করে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য তিনি প্রশংসিত হন। ২০২০ সালের মার্চে এলজিইডির সদর দপ্তরে যোগ দিয়ে উপপ্রকল্প পরিচালক ও প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে গাইবান্ধা পৌরসভার ঘাঘট লেক উন্নয়ন প্রকল্প এবং বৃহৎ ব্রিজ নির্মাণ প্রকল্পের অসমাপ্ত কাজ সফলভাবে সম্পন্ন হয়। এছাড়া নারায়ণগঞ্জে এলজিইডির নির্মাণাধীন দেশের প্রথম ক্যাবল-স্টেইড ব্রিজের পরিকল্পনা, নকশা ও দরপত্র প্রক্রিয়ায় দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের বিশেষজ্ঞ প্রকৌশলীদের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২৩ সালে তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে প্রশাসন শাখার দায়িত্ব গ্রহণ করেন। পরে ১২ অক্টোবর ২০২৫ সালে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে মানবসম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ শাখার দায়িত্ব পান। এ সময় মানবসম্পদ ব্যবস্থাপনা, গুণগত মান নিশ্চিতকরণ, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ এবং সৃজনশীল কর্মসূচি বাস্তবায়নে দক্ষতার পরিচয় দেন। কর্মজীবনে তিনি পরিবেশ, সরকারি ক্রয়, সার্ভিস রুলস, মান নিয়ন্ত্রণ, সড়ক রক্ষণাবেক্ষণ, জিআইএস, দারিদ্র্য বিমোচন এবং অংশগ্রহণমূলক পানিসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি থাইল্যান্ড, ফিলিপাইনস, লাওস, চীন, জাপান, কানাডা, তুরস্ক ও যুক্তরাষ্ট্র সফর করেন।
মো. বেলাল হোসেন ১৯৬৭ সালের ১ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নগরাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. রুহুল আমিন এবং মাতা মোছা. ফজিলাতুন্নাহার।