কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বাংলাদেশ সফররত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হুংবোর সঙ্গে রোববার (১৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রম খাতের ব্যাপক সংস্কারের মাধ্যমে শোভন কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে কাজ করছে।
তিনি শ্রম প্রশাসন আরও শক্তিশালী করা, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা ও বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও দক্ষ শ্রম অভিবাসন সম্প্রসারণে আইএলওর অব্যাহত সহযোগিতা ও গঠনমূলক সম্পৃক্ততা কামনা করেন।
শ্রম খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি আইএলওর আসন্ন গভর্নিং বডির অধিবেশনে যথাযথ স্বীকৃতি পাবে এবং আইএলও সংবিধানের ২৬ অনুচ্ছেদের আওতায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান মামলাটি দ্রুত নিষ্পত্তির পথ সুগম হবে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন ।
এসময় আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হুংবো শ্রমক্ষেত্রে উন্নত পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা ও রাজনৈতিক অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি শ্রম খাতের সংস্কার, শোভন কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের উদ্যোগ ও অগ্রাধিকার বাস্তবায়নে আইএলওর অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, শ্রম পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশের সাফল্য আইএলওর অন্যান্য দেশের সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রেও একটি উদাহরণ হতে পারে।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও আইএলওর মধ্যকার অংশীদারত্ব আরও জোরদারে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

