নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান চাহিদা মোতাবেক অ্যাভিয়েশেন শিল্পের সমস্যাগুলো নিয়ে অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি) খুবই চিন্তিত ও উদ্বিগ্ন।
রাজধানীর উওরা এওএবির প্রধান কার্যালয়ে বেসরকারি অ্যাভিয়েশন শিল্পের বিরাজমান সমস্যা নিয়ে এক গোলটেবিল অনুষ্ঠানে এমনটিই জানানো হয়েছে।
বিমানসহ বেসরকারি অন্য অ্যাভিয়েশন অপারেটর্সদের প্রতি অচরণবিধি সমান হওয়া উচিৎ বলে মনে করছে এওএবি। আর তাই সবাইকে সমান সুযোগ প্রদানের প্রতি আহ্বান জানায় সংগঠনটি।
গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, বিভিন্ন সমস্যার কারণে এয়ারলাইন্স ব্যাবসায় টিকে থাকা খুবই কঠিন। এ কারণে এ খাতের উদ্যোক্তাদের বড় ধরনের চ্যালেঞ্জ ও ঝুঁকি নিতে হয়। বিশেষ করে বেসরকারি এয়ারলাইন্সগুলোকে বিভিন্ন ক্ষেত্রে বাধার সম্মুখিন হতে হয়। এতে সবসময় একটা হতাশা ও উৎকণ্ঠার মাঝে চলতে হচ্ছে এ খাতের ব্যবসায়ীদের।
ব্যবসায়ীরা বলেন, তেলের মূল্য, হাই এরোনটিক্যাল/নন-এরোনটিক্যাল চার্জ, হ্যাঙ্গার স্পেস, অপারেশনাল ও এয়ারওয়ার্সেনিং, এয়ার সার্ভিস এগ্রিমেন্ট, আমদানি-রপ্তানি পলিসি, এয়ারক্রাফট যন্ত্রাংশের মূল্য বেশি হওয়ার কারণে এ ব্যবসায় এক ধরনের হতাশা ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। বেসরকারি বিমানের অগ্রগতির জন্য এসব সমস্যার সুষ্ঠু সমাধান প্রয়োজন বলে মনে করেন এওএবি নেতারা।
ক্যাপ্টেন (অব.) শওকত উল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মাসুদুর রহমান ও ট্রেজারার উইং কমান্ডার (অব.) এটিএম নজরুল ইসলাম, ইউনাইটেড এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন (অব.) তাজভিরুল আহমেদ চৌধুরী, নভো এয়ারের মফিজুল ইসলাম, রিজেন্ট এয়ারের সিইও আশিষ রায় চৌধুরী, ইউ এস বাংলার এয়ার কমোডোর (অব.) তৌহিদুল ইসলাম, স্কাই কেপিটেলের সিইও উইং কমান্ডার (অব.) মাসুদুর রহমান, মেঘনা অ্যাভিয়েশনের সিইও মর্তোজা মুন্সি প্রমুখ।

