আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, অর্থনৈতিক অবরোধ তুলে না নিলে আর্ন্তজাতিক সম্প্রদায়ের সঙ্গে পরমাণু প্রকল্প বিষয়ে চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করবে না তার দেশ।
ইরানের পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন ।
রুহানি বলেন, চুক্তি বাস্তবায়িত হওয়ার সঙ্গে সঙ্গে ‘সমস্ত অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করতে হবে।’
তিনি বলেন, ‘একই দিনে সব নিষেধাজ্ঞা উঠিয়ে না নিলে আমরা কোনো চুক্তিতে স্বাক্ষর করবো না। পরমাণু আলোচনায় অংশগ্রহণকারী সব পক্ষ সন্তুষ্টবোধ করবে, আমরা এমন একটি চুক্তি চাই ।’
গত সপ্তাহে ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধে সুইজারল্যান্ডের লুসানে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের একটি খসড়া চুক্তি হয়েছে। এই চুক্তির আলোকে ইরানের পরমাণু প্রকল্প সীমিত করার বিপরীতে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
ইরান চায় সব নিষেধাজ্ঞা একবারে উঠিয়ে নেয়া হোক। তবে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, চূড়ান্ত পরমাণু চুক্তির পর ধাপে ধাপে সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
এদিকে একই অনুষ্ঠানে রুহানি ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আরবজোটের বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ অঞ্চলের রাজনৈতিক সমস্যা সমাধানে সবার একজোট হয়ে কাজ করা উচিৎ।

