মধ্যরাতে দামি প্রাইভেটকারে গাঁজা পাচারের চেষ্টা করে একটি মাদক কারবারি চক্র। তবে পুলিশের চেকপোস্টে ভেস্তে যায় কারবারিদের পরিকল্পনা। রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে একটি প্রাইভেটকার থেকে ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও।
গ্রেফতাররা হলেন- ওয়াশিম (৪০), মো. পারভেজ হোসেন (২০) ও মো. সাইফুল ইসলাম (৩৪)।
সোমবার (১৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, রোববার দিনাগত রাত ১২টা ৩০ মিনিটে যাত্রাবাড়ী চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের সামনে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাফিক সার্জেন্ট মো. আব্দুল্লাহ আল নোমানী বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেন। গাড়িটি থামানোর পর ভেতরে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন।
পরে প্রাইভেটকারটি তল্লাশি করে এর পেছনের অংশ থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
গ্রেফতার তিনজন, জব্দকৃত গাঁজা এবং প্রাইভেটকার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

