নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় একটি পোশাক কারখানায় বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছে। এসময় কারখানার মালিকপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা অতর্কিতভাবে শ্রমিকদের উপর হামলা চালালে ৫ শ্রমিক আহত হন।
বৃহস্পতিবার সকালে আশুলিয়া আমতলা এলাকার ট্যাক্সস্ট্রিম ফ্যাশন লিমিটেড নামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, আশুলিয়ার আমতলা এলাকার ট্যাক্সস্ট্রিম ফ্যাশন লিমিটেড নামক পোশাক কারখানায় শ্রমিকদের বাৎসরিক ছুটির টাকা দিতে কর্তৃপক্ষ তালবাহানা করে আসছিল।
বৃহস্পতিবার সকালেও শ্রমিকরা বাৎসরিক ছুটির টাকা চাইলে কারখানা কর্তৃপক্ষের কোনা সাড়া না পাওয়ায় তারা কর্মবিরতি শুরু করেন।
এক পর্যায়ে শ্রমিকরা কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করলে মালিকপক্ষের কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী শ্রমিকদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় সন্ত্রাসী হামলায় কারখানার ৫ শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়াও এ ঘটনার পর কারখানাটি বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়।
এব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শ্রমিক বিক্ষোভের মুখে কারখানাটি বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়াও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

