প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। এ সময় নেইল গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্য শাহনাজ করিম উপস্থিত ছিলেন। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের শুরুতেই উপদেষ্টা বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ হিসেবে যুক্তরাজ্য সরকার ও জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান । বৈঠকে ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্য শাহনাজ করিম বর্তমান আমলাতন্ত্রের অবস্থা, কার্যক্ষমতা ও চ্যালেঞ্জগুলো জানতে চান।
বর্তমান প্রশাসনের চ্যালেঞ্জ সমুহ উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনে রাজনীতিকীকরণ ও দুর্নীতি ব্যাপক বিস্তার লাভ করে। ফলশ্রুতিতে প্রশাসন তার গৌরব ও জৌলুস অনেকাংশে হারিয়ে ফেলে। তিনি আরও বলেন, বর্তমান সরকার মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে এবং পর্যবেক্ষণ করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে তাদের কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করলে উপদেষ্টা বলেন, শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে সরকারও যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায়।
বৈঠকে প্রধানমন্ত্রীর কর্যালয়ের গভার্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন ও পরিচালক মো. মনিরুল ইসলাম পাটওয়ারী উপস্থিত ছিলেন।

