নিজস্ব প্রতিবেদক: আন্তঃব্যাংক লেনদেন দ্রুত সম্পন্ন করতে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৮ অক্টোবর থেকে আরটিজিএস ব্যবস্থা পুরোদমে চালু করা হবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিসটেম বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
আরটিজিএস বাস্তবায়নে ব্যাংকগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।
এতে বলা হয়, আরটিজিএস বাস্তবায়নের জন্য ভেন্ডর নিয়োগের দরকার হলে আগামী ৩০ জুনের মধ্যে করতে হবে। আগামী ১৭ আগস্টের মধ্যে প্রয়োজনীয় হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ সম্পন্ন করতে হবে। ১৪ সেপ্টেম্বর পরীক্ষামূলক ব্যবহার শুরু করতে হবে। আর ১ অক্টোবরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পরীক্ষামূলকভাবে কার্যক্রম পরিচালনার পর ৮ অক্টোবর থেকে আরটিজিএসের কার্যক্রম পুরোদমে শুরু করতে হবে।
প্রসঙ্গত, আন্তঃব্যাংক লেনদেনে বাংলাদেশ অটোমেটেড চেক ক্লিয়ারিং হাউজের আপডেট ভার্সন হিসেবে বেশ আগেই আরটিজিএস চালুর উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এটি চালু করলে ১ মিনিটেই সম্ভব হবে ব্যাংকিং লেনদেন। বর্তমান ব্যবস্থায় চেক নিকাশের জন্য সকালে জমা দিলে বিকেলে, আর বিকেলে জমা করলে পরের দিন পরিশোধ হয়। অনেক ক্ষেত্রে এজন্য গ্রাহকদের দুদিন বা তার বেশি সময় অপেক্ষা করতে হয়। আরটিজিএস চালু হলে দেশের যেকোন স্থান থেকে অন্য ব্যাংকে চেক জমা করার পর তাৎক্ষণিকভাবে পরিশোধ হয়ে যাবে।

