আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গত চার দিনে অন্তত ৩০ কৃষক আত্মহত্যা করেছে। অসময়ের বৃষ্টি এবং শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব এবং মধ্যপ্রদেশের হতাশাগ্রস্ত কৃষকরা আত্মহত্যার পথ বেছে নেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। এদের মধ্যে ২৪ জনই উত্তর প্রদেশের বাসিন্দা।
তবে রাজ্য সরকারগুলো এখনো এই আত্মহত্যার ঘটনাগুলো স্বীকার করেনি।
উত্তর প্রদেশ সরকার সোমবার জানিয়েছে, বৃষ্টিপাতের ফলে আরো ৪০টি জেলার ফসল নষ্ট হয়েছে। এর আগে ৩৩টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছিল। সবমিলিয়ে রাজ্যে প্রায় ১১ কোটি রুপির ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রাজ্য সরকার বলছে, অসময়ের ওই বৃষ্টিতে উত্তর প্রদেশের ৫ লাখ চাষী পরিবার ক্ষতির মুখে পড়েছে। তবে তারা কোনো আত্মহত্যার কথা স্বীকার করেনি।
তবে বেসরকারি রিপোর্টে বলা হয়েছে, রাজ্যটিতে মার্চ মাসে সবমিলিয়ে একশ কৃষক মারা গেছে। আবহাওয়া জনিত কারণেই যে তারা মারা গেছেন তা অবশ্য স্বীকার করেছেন রাজ্যটির মুখ্য সচিব। সরকার ফসলের ক্ষয়ক্ষতি পোষাতে প্রতিটি চাষী পরিবারকে সাত লাখ করে অর্থ সহায়তা দিয়েছিল।
ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হওয়া বৃষ্টি এবং শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে উত্তর প্রদেশের পাঁচ লাখেরও বেশি কৃষক পরিবার।
ভারতের উত্তর প্রদেশের লক্ষ্নৌ এবং চান্দিগড়ে ফেব্রুয়ারীর মাঝামাঝি থেকে শুরু হওয়া বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত সপ্তাহের শিলা বৃষ্টিতে ক্ষতির পরিমাণ আরো বেড়ে গেছে। এতে প্রচন্ড হতাশ হয়েছে গরীব কৃষকরা। এদের অনেকেই দেনার দায়ে জর্জরিত। তাদের মাথার ঘাম ঝড়িয়ে উৎপাদিত ফসল চোখের সামনে নষ্ট হয়ে গেছে। ফলে আর কোন উপায় না দেখে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তারা।
গত চার দিনে উত্তর প্রদেশ, হারিয়ানা পাঞ্জাব, এবং মধ্যপ্রদেশে অন্তত ৩০ কৃষকের মৃত্যু হয়েছে। এই মৃত্যুগুলো স্বাভাবিক ছিল না। এদের বেশিরভাগ চাষীই মারা গছে আত্মহত্যা বা মানসিক আঘাতের কারণে। ফসলের ক্ষতিতে তারা মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং আত্মহত্যার পথ বেছে নেয়।

