নিজস্ব প্রতিবেদক: সুপ্রিমকোর্ট বারের সভাপতি ও কামারুজ্জামনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘আদালতে রায় পুনর্বিবেচনার আবেদনে যে যুক্তিতর্ক আমরা উপস্থাপন করেছি তা খণ্ডণ না করে পূর্ণাঙ্গ রায় ছাড়া দণ্ড কার্যকর করা উচিত হবে না।’
মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্ট বারে নিজের কক্ষে তিনি এ কথা বলেন।
খন্দকর মাহবুব হোসেন বলেন, ‘কামারুজ্জামনের আবেদনের শুনানিতে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করেছি। তা খণ্ডনের বিষয়টি জানতে হবে। আর এ জন্য পূর্ণাঙ্গ রায় ছাড়া দণ্ড কার্যকর উচিত হবে না।’
রায় পুনর্বিবেচনার সংক্ষিপ্ত আদেশে আরেক মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার রায় কার্যকর করা হয়েছে এমন প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, ‘ওদের পক্ষে সব সম্ভব।’
গতকাল সোমবার সকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতার রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।
সন্ধ্যায় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন তার পরিবারের সদস্যরা।
কারা কর্তৃপক্ষ বলেছে, আদালতের আদেশ না পাওয়া পর্যন্ত দণ্ড কার্যকর করা হবে না। তবে মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত আদালতের আদেশ পাননি কর্তৃপক্ষ।

