আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বেসামরিক বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার এক ফ্লাইটের ককপিটে রোববার মারামারি করেছেন দুই পাইলট। রোববার সন্ধ্যায় এআই-৬১১ ফ্লাইটের ক্যাপ্টেন এবং কো পাইলটের মধ্যে ওই অপ্রীতিকর ঘটনাটি ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় সহকারী চালকের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই বিমানের ক্যাপ্টেন।
সম্প্রতি ফ্রান্সে আল্পস পর্বতমালায় জার্মানউইংসের একটি বিমান বিধ্বংস্ত হওয়ার পর পাইলটদের মানসিক স্বাস্থ্য নিয়ে যখন উদ্বেগ দেখা দিয়েছে ঠিক তখনই এ ঘটনা প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। ওই দুর্ঘটনায় দেড়শ আরোহী নিহত হয়েছিলেন।
ক্যাপ্টেন তার অভিযোগে বলেছেন, রোববার এআই-৬১১ ফ্লাইটটি জয়পুর থেকে দিল্লির উদ্দেশে রওয়ানা হওয়ার সময়ই তার সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন কো-পাইলট। পরে তিনি যখন দিল্লি বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিলেন তখন ওই পাইলট তার দিকে তেড়ে আসেন এবং তাকে পেটাতে শুরু করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছে এয়ার ইন্ডিয়া। সংস্থাটির মুখপাত্র জি পি রাও বলেছেন, ‘এ ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’ তবে তিনি বলেছেন, ককপিটে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
এদিকে এয়ার ইন্ডয়ার ওই চালক কর্তৃপক্ষকে জানিয়েছেন, তিনি ওই সহচালকের সঙ্গে আর ফ্লাইংয়ে অংশ নেবেন না। ওই কো-পাইলট এর আগে অন্য ক্যাপ্টেনদের সঙ্গেও অসদাচরণ করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।
এআই-৬১১ ফ্লাইটে আসলে কী ঘটেছিল তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। অভিযোগকারী ওই ক্যাপ্টেন রিপোর্টে বলেছেন, বিমানটি দিল্লির উদ্দেশে রওয়ানা হওয়ার আগেই সমস্যা শুরু হয়েছিল। তিনি ভারতীয় বিমান কর্তৃপক্ষের কাছে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং বিচার দাবি করেছেন।
এয়ার ইন্ডিয়ার অন্য উর্ধ্বতন ক্যাপ্টেনরাও ওই পাইলটের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। তিন বছর আগে এক ক্যাপ্টেন তাকে ককপিট ছেড়ে যেতে বললে ওই ব্যক্তি তার সঙ্গে মারামারি শুরু করেছিল। এক বছর আগে তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অন্য এক ক্যাপ্টেন।

