আন্তর্জাতিক ডেস্ক : মিশরে মুসলিম ব্রাদারহুডের ১৮৭ সমর্থকের বিচার সামরিক আদালতে করতে যাচ্ছে দেশটির সরকার। শনিবার দেশটির সরকারি আইনজীবী সামরিক আদালতে এ সংক্রান্ত মামলার নথি পাঠিয়েছেন।
সড়ক অবরোধ, ভাংচুর ও সরকারের বিরুদ্ধে আন্দোলনের অভিযোগে গ্রেপ্তার বেসামরিক নাগরিকদের বিচার গত বছর অক্টোবরে সামরিক আদালতে করার সিদ্ধান্ত নেয় মিশর সরকার। প্রথমদিকে ইসলমাপন্থিদের বিচার সামরিক আদালতে করা হলেও পরবর্তীতে উদারপন্থিদের এ আদালতে হাজির করা হয়।
শনিবার ব্রাদারহুডের যেসব সমর্থকের বিচার সামরিক আদালতে করার সুপারিশ করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ , ২০১৩ সালে তারা দক্ষিণের মিনিয়া প্রদেশের একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছিল। ওই বছর ব্রাদারহুডের সমর্থিত মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেছিল সেনাবাহিনী।
উত্তর মিনিয়ার সরকারি আইনজীবী আব্দেলরাহিম মাইক জানান, তাদের বিরুদ্ধে হত্যা ও পুলিশ সদস্যদের হত্যা চেষ্টা, অস্ত্র বহন ও নিষিদ্ধঘোষিত সংগঠনে যোগদানের অভিযোগ আনা হয়েছে। তবে এদের মধ্যে কতজন কারাগারে আটক রয়েছে তা জানাতে পারেননি আব্দেলরাহিম ।

