আন্তর্জাতিক ডেস্ক: সোমবার রাশিয়ার রাজধানী মস্কোয় দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হচ্ছে সিরীয় প্রশাসন ও বিরোধী দলীয় প্রদিনিধি দলের মধ্যকার শান্তিবৈঠক। যদিও এ বৈঠক নিয়ে বিরোধী দল আদৌ আশাবাদী নয়। তথাপি রাশিয়ার মধ্যস্থতায় ক্রমশ আগ্রহ জন্ম নিচ্ছে সন্ত্রাসবিরোধী তৎপরতায় আসাদের অংশীদার হওয়ার প্রশ্নে।
এর আগে প্রথম দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল জানুয়ারি মাসে। মস্কোয় অনুষ্ঠিত ঐ বৈঠক সেবার বিরোধী দলের বর্জনের জন্যে ব্যর্থতায় পর্যবসিত হয়। পশ্চিমের মদদপ্রাপ্ত সিরীয় বিরোধী দল সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন (সিএনসি) সেবার আসাদের পদত্যাগের ইস্যুতে কোনো ছাড় দিতে রাজি হয়নি। তাদের প্রধান দাবি ছিল সেটি।
এদিকে ইস্তাম্বুল ভিত্তিক এসএনসি মস্কোর দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেবে না বলে ঘোষণা করে আসছিল। শেষ বৃহস্পতিবারও তারা নেতিবাচক মনোভাবের কথা জানিয়েছে। রাশিয়া চাইছে সন্ত্রাসবিরোধী ইস্যুতে বাশার আল আসাদের সঙ্গে হাত মেলাক সকলে। এ ইস্যুতেই একমত হতে পারছিল না দলগুলো।
কিন্তু এসএনসি-র সাবেক সদস্য রান্দা কাসিস বর্তমানে দামেস্কের সঙ্গে একযোগে কাজ করার ব্যাপারে একমত। একইসঙ্গে যুদ্ধে মানবাধিকার রক্ষার দিকে অধিক যত্নবান হতে আন্তর্জাতিক মোর্চা গঠনের কথাও বলে তিনি।
মস্কোর অনুষ্ঠিতব্য বৈঠকে সিরিয়ার কোন বিরোধী দল অংশ গ্রহণ করছে এ বিষয়ে পরিষ্কার কিছু বলেনি মধ্যস্থতাকারী রাশিয়া।

