গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।
সভায় গোপালগঞ্জ-১, ২ ও ৩ আসনের সংসদ সদস্য এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর, কে এম বাবর এবং এস এম জিলানী উপস্থিত ছিলেন।
সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার উন্নয়ন চাহিদার কথা তুলে ধরেন এবং প্রকল্পের দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জকে দেশের অন্যান্য জেলার মতো সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই জেলার চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সভার আয়োজন করা হয়েছে।
সভাতে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
পরবর্তীতে আলোচনার ভিত্তিতে শহীদুল হাসান প্রকল্পগুলোর বাস্তবায়ন আরো গতিশীল, কার্যকর এবং সময়োপযোগী করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনার পরামর্শ দেন তিনি।
সভায় পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, এনডিসি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুল আউয়াল, এলজিইডি, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক এবং গোপালগঞ্জের চলমান বিভিন্ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।

