নিজস্ব প্রতিবেদক: ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নপত্রের আপিল শুনানি শেষে ২৩ জনের মধ্যে এক মেয়রপ্রার্থী ও চার কাউন্সিলরের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান।
শনিবার রাতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রার্থীদের আপিল আবেদনের ওপর শুনানি শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য দেন।
তিন মেয়র প্রার্থী মনোনয়নের শুনানির পর একমাত্র মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন বিভাগীয় কমিশনার। সেই সঙ্গে আরো ৪ কাউন্সিলরের মনোনয়নপত্রও শুনানি শেষে বৈধ বলে ঘোষণা করা হয়।
জিল্লার রহমান বলেন, ‘আজ মোট আপিল করা ২৩ জনের মনোনয়নপত্রের শুনানি করা হয়েছে। দুই দিনের মধ্যে বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর আপিলের শুনানি শেষ করার কথা থাকলেও আপিলের সংখ্যা বেশি হওয়ায় রোববার ও সোমবার এ শুনানি কার্যক্রম চলবে।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিল্লার রহমান বলেন, ‘বিএনপির দুই নেতার আপিলের রায় (আবদুল আউয়াল মিন্টু ও নাসিরউদ্দিন আহমেদ পিন্টু) আইন মেনেই দেয়া হয়েছে। এখানে পক্ষ অবলম্বন করার সুযোগ নেই।’

