রাজধানী ঢাকার মিরপুর-১ এলাকায় অবস্থিত ডেল্টা হাসপাতাল লিমিটেডের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। দেশের অন্যতম বিশেষায়িত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত এই হাসপাতালটি নিয়ে সম্প্রতি ভুক্তভোগী ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ বাড়ছে।
তথ্যসূত্রে জানা গেছে, রোগী ভর্তির পর বিভিন্ন উপায়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ওষুধ প্রেসক্রাইব করা হচ্ছে। হাসপাতালের নিজস্ব ফার্মেসি থেকে উচ্চমূল্যে ওষুধ কিনতে বাধ্য করা হচ্ছে। অপ্রয়োজনীয়ভাবে রোগীদের দীর্ঘদিন হাসপাতালে ভর্তি রাখা হচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের রোগীদের জন্য প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার টাকা ব্যয় বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলম অভিযোগ করে জানান, তার মাকে হাসপাতালে ভর্তি করার পর মাত্র ৭ দিনের মধ্যেই প্রায় এক লক্ষ টাকার ওষুধের বিল করা হয়। তার দাবি, বিলের পরিমাণ ও পদ্ধতি এতটাই অস্বচ্ছ যে সাধারণ মানুষের পক্ষে তা যাচাই করা কঠিন এবং বহন করা আরও কঠিন। তিনি আরও জানান, চিকিৎসার পুরো সময় জুড়ে প্রায় সাত দিনে গড়ে চার লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে। কিন্তু এত বিপুল অর্থ ব্যয়ের পরও রোগীর অবস্থার কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। অভিযোগ রয়েছে, একাধিক ভুক্তভোগীর রোগীকে আইসিইউতে একই অবস্থায় রেখে চিকিৎসার নামে কেবল বিল বাড়ানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সরকারি হাসপাতালগুলোতে যেসব ওষুধ তুলনামূলক কম দামে পাওয়া যায়, সেগুলোই এখানে অতিরিক্ত দামে রোগীদের কিনতে বাধ্য করা হয়।
অভিযোগে আরও উঠে এসেছে, কিছু ক্ষেত্রে রোগীদের অপ্রয়োজনীয়ভাবে হাসপাতালে রেখে চিকিৎসার নামে দীর্ঘ সময় ধরে বিল বাড়ানো হচ্ছে। এতে করে রোগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডকে সরাসরি অনিয়ম ও প্রতারণার কৌশল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এমন গুরুতর অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি তদন্ত দাবি করেছেন ভুক্তভোগীরা। তাদের মতে, যথাযথ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল খাতে এ ধরনের অভিযোগ জনমনে উদ্বেগ তৈরি করছে। চিকিৎসা নিতে এসে যদি রোগী ও তাদের পরিবার আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন, তবে তা পুরো স্বাস্থ্যব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ডেল্টা হাসপাতাল লিমিটেডের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তবে তা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, বরং পুরো স্বাস্থ্যখাতের জন্যই বড় ধরনের সতর্কবার্তা। দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রোগীদের স্বার্থ রক্ষা করা এখন সময়ের দাবি।

