ঢাকা রাজধানীর অভিজাত বনানী এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি শিশা লাউঞ্জে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়। ডিএনসির প্রধান কার্যালয়ের পরিচালক (অপারেশনস) ও অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে পরিচালক (নিরোধ শিক্ষা) মাজহারুল ইসলাম, অতিরিক্ত পরিচালক এ.কে.এম শওকত ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। অভিযানকালে বনানী থানাধীন হাউজ-৮২, রোড-১৭/এ, ব্লক-ই এর ‘রাজিয়া’ নামীয় ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘S Lounge Restaurant’ নামের একটি অবৈধ শিশা লাউঞ্জে তল্লাশি চালানো হয়। এ সময় ৪ কেজি অবৈধ শিশা, ৮টি হুক্কা, একটি ফাঁকা চেক, একটি সিসি ক্যামেরার ডিভিআর এবং একটি পিওএস মেশিন জব্দ করা হয়। তবে অভিযান চলাকালে অভিযুক্তরা টের পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ডিএনসির তথ্যমতে, পলাতক আসামিরা হলেন- এএসএম শাকিল মাহমুদ, আলামীন ও রফিক ফরাজী। তারা দীর্ঘদিন ধরে ওই স্থানে অবৈধভাবে নিকোটিনযুক্ত শিশা সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বনানী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ডিএনসির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

