নিজ নির্বাচনী এলাকায় উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠনের কথা জানালেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার (১৯ এপ্রিল) সংসদ ভবনস্থ কার্যালয়ে নিজ নির্বাচনী এলাকার ইমাম প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আপনাদের ভোটের দ্বারা সংসদ-সদস্য নির্বাচিত হয়েছি এবং আপনাদের কারণেই আজ আমি মহান সংসদে ডেপুটি স্পীকার হিসেবে মনোনীত হয়েছি। আপনাদের প্রতি আমার অনেক দায়বদ্ধতা এবং জবাবদিহিতা রয়েছে।
তিনি বলেন, উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে। সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি জিরো পর্যায়ে পৌঁছাতে হবে এবং আপনাদের মাধ্যমে সমাজে দরবার মীমাংসা করতে হবে।

তিনি আরও বলেন, আপনারা অবগত আছেন যে, আমার এলাকায় বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। পর্যায়ক্রমে সবাইকে সংসদ ভবন এবং সংসদ অধিবেশন অবলোকনের আমন্ত্রণ জানানো হবে। আজ আপনারা এসেছেন, ইতোপূর্বে খ্রিষ্টান প্রতিনিধিদল এসেছিল। এভাবে আমার এলাকার সকল শ্রেণি ও পেশার মানুষ যেন সংসদ সম্পর্কে তাদের ধারণা অর্জন করতে পারে সে লক্ষ্যে সবাইকে আমন্ত্রণ জানানো হবে।
শেষে তিনি বলেন, আমি শতভাগ সততার সাথে চলেছি এবং সততার সাথেই কাজ করতে চাই। দোয়া করবেন, আল্লাহ যেন আমার সব কাজে সহযোগিতা করেন।

