আন্তর্জাতিক ডেস্ক : গত ২০১৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশের ইতিহাসে লেখা হয়েছিল নতুন এক অধ্যায়। ওইদিন জাতীয় প্যারেড গ্রাউন্ডে দুই লাখ ৫৪ হাজার ৫৩৭ জন একসঙ্গে জাতীয় সঙ্গীত গেয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়ে।
তবে শুধু মাঠেই নয়, প্যারেড গ্রাউন্ডের বাইরে এবং রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে যেখানে ছিলেন, সবাই দাঁড়িয়ে শামিল হন এই আয়োজনে। কণ্ঠ মেলান ‘আমার সোনার বাংলা’য়। দেশের বাইরে প্রবাসীরাও এ আয়োজনের সঙ্গী হন।
২০১৩ সালের ৬ মে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে এ রেকর্ড গড়েছিল ভারত। সাহারা ইন্ডিয়া পরিবারের ওই আয়োজনে এক লাখ ২১ হাজার ৬৫৩ জন অংশ নিয়েছিলেন।
নিজেদের ভেঙে দেয়া সেই রেকর্ড পুনরুদ্ধার করতে চায় ভারত। সেই স্বপ্নেই বিভোর কলকাতার এক সমাজকর্মী। তার নাম উৎপল পাল। বাংলাদেশের রেকর্ড গড়ার দিন কর্মসূত্রে তিনি বাংলাদেশে ছিলেন। সেইদিন তিনি দেখেছেন বাংলাদেশের একতা। তিনি চান ভারতও একদিন এক হোক, গেয়ে উঠোক নিজেদের জাতীয় সঙ্গীত। রেকর্ড বুকে নাম লেখাক রবীন্দ্রনাথের ‘জন-গণ-মন… জয় হে’।
আর সেই ভাবনা থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন তিনি। রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে তার সেই চিঠির পাওয়ার কথা স্বীকারও করা হয়েছে। সেটি বিবেচনার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।
আগামী ১৫ অগাস্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জন-গণ-মন’ কি ছাপিয়ে যাবে তারই লেখা ‘সোনার বাংলা’কে? আশায় বুক বাঁধছে ভারতবাসী।

