
তোফায়েল আহমেদ-ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তি নবায়নের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে। মন্ত্রিসভার আগামী বৈঠকে এটি অনুমোদন দেয়া হতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এলেই চুক্তি স্বাক্ষর করা হবে।’
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এর আগে মন্ত্রী ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সসান্ডার নিকোলাসের সঙ্গে বৈঠক করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চুক্তি নবায়নের ক্ষেত্রে উভয় দেশের সম্মতিতে অনেক নতুন বিষয় সংযোজন করা হয়েছে। এ চুক্তির আওতায় বাংলাদেশের পণ্যবাহী পরিবহন ভারতের ওপর দিয়ে সরাসরি
নেপাল ও ভুটানে যেতে পারবে। একইভাবে এসব দেশের পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আসতে পারবে।’
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামী ১৬ থেকে ১৮ জুন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তিনদিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম’-এর সম্মেলনে অংশগ্রহণের দাওয়াত দিতে রাষ্ট্রদূত এখানে এসেছিলেন। রাশিয়ার রাষ্ট্রপতি এ সম্মেলন উদ্বোধন করবেন।’
বাংলাদেশ এ সম্মেলনে অংশ নেবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সম্মেলন চলাকালে মন্ত্রী পর্যায়ে দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে। রাশিয়ায় চিংড়ি, পাট, সুতা, চা, চামড়া, কাঁচা পাট, মোটরপার্টস ও হোম টেক্সটাইলসহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে। তবে শুল্কহার অনেক বেশি হওয়ায় তৈরি পোশাকের রপ্তানি এখনো সম্ভব হয়নি।’

