আন্তর্জাতিক ডেস্ক : চীনের কাছ থেকে আটটি সাবমেরিন কিনতে যাচ্ছে পাকিস্তান। ব্রিটিশ দৈনিক ফিন্যানসিয়াল টাইমস বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে এটাই চীনের এ বছরের সব চেয়ে বেশি টাকার যুদ্ধাস্ত্র লেনদেন।
পাকিস্তানের প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির বরাত দিয়ে দৈনিকটি জানায়, চীনের কাছ থেকে আটটি সাবমেরিন কেনার ব্যাপারে পাকিস্তান সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। এসব সামমেরিনের জন্য পাকিস্তানকে গুনতে হবে চার থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার।
পাকিস্তানের দৈনিক ডন বুধবার জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই এ সংক্রান্ত চুক্তিতে সই করতে যাচ্ছে পাকিস্তান ও চীন। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয় এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজী হয়নি।
প্রসঙ্গত, ‘সব ঋতুর বন্ধু’ চীনের সঙ্গে পাকিস্তানের এটাই প্রথম অস্ত্র বানিজ্য নয়। চীন সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে পাকিস্তানের কাছে।

