ঢাকাWednesday , 1 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগদাদে মার্কিন নারী সাংবাদিক অপহৃত

Link Copied!

ইরাকের রাজধানী বাগদাদে একজন মার্কিন নারী সাংবাদিককে অপহরণ করা হয়েছে। তার নাম শেলি কিটলসন। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম আল-মনিটর-এ কাজ করতেন।

মঙ্গলবার সন্ধ্যায় তাকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। ইরাকের নিরাপত্তা বাহিনী অপহরণকারীদের ধাওয়া করলে তাদের একটি গাড়ি দুর্ঘটনায় উল্টে যায়। এ সময় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

মার্কিন কর্মকর্তাদের ধারণা, আটক ব্যক্তি ইরান সমর্থিত মিলিশিয়াগোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর সঙ্গে জড়িত থাকতে পারে। জানা গেছে, অপহরণের আগে কিটলসনের বিরুদ্ধে সম্ভাব্য হুমকি নিয়ে মার্কিন কর্মকর্তারা তাকে সতর্ক করেছিলেন। সোমবার রাতসহ কয়েকবার তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, তারা আগে থেকেই তাকে সম্ভাব্য ঝুঁকির কথা জানিয়েছিল। এখন তাকে দ্রুত উদ্ধার করতে এফবিআইয়ের সঙ্গে কাজ করা হচ্ছে। তবে নিরাপত্তার কারণে এই ঘটনার বিষয়ে বেশি তথ্য প্রকাশ করা হয়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তর বিবিসিকে বলেছে, গোপনীয়তার কারণে এই মুহূর্তে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।

স্থানীয় সংবাদ প্রতিবেদনের বরাতে আল-মনিটর জানিয়েছে, বাগদাদের কেন্দ্রস্থলের একটি হোটেলের কাছ থেকে কিটলসনকে অপহরণ করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরও নিশ্চিত করেছে, তারা এই ঘটনার বিষয়ে জানে এবং ইরাক সরকারের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে।

আল-মনিটর বলেছে, তারা এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং কিটলসনের দ্রুত ও নিরাপদ মুক্তির আহ্বান জানিয়েছে। একজন ইরাকি কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএসকে জানিয়েছেন, কিটলসনকে উদ্ধার করতে স্থানীয় কর্তৃপক্ষ সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন

মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত ১০ ইরানি নার্স নিহত

নিরাপত্তা বাহিনীর ধাওয়ার সময় অপহরণকারীদের একটি গাড়ি উল্টে গেলেও ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো সন্দেহভাজনদের পরিচয় প্রকাশ করেনি। তারা অপহরণকারীদের অজ্ঞাত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, বাকি অপরাধীদের ধরতে এবং অপহৃত সাংবাদিককে উদ্ধার করতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

শেলি কিটলসন বর্তমানে ইতালির রোমে থাকতেন। এর আগে তিনি আফগানিস্তান, ইরাক এবং সিরিয়ার সংঘাত নিয়ে দীর্ঘদিন প্রতিবেদন করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন। সূত্র জানিয়েছে, তার অপহরণের ঘটনায় এফবিআই, মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ, স্টেট ডিপার্টমেন্ট, ডেল্টা ফোর্স এবং ইরাকের কাউন্টার-টেরোরিজম বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

একসময় বাগদাদ অপহরণের জন্য কুখ্যাত ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় এমন ঘটনা অনেক কমে গিয়েছিল।

সূত্র : বিবিসি